৩০শে মে রাতের সেই ব্লু-মাইক্রোমুনের ‘মাইক্রো’ বিষয়টা আসলে কী ছিল?
সেদিন সূর্যাস্তের পরপরই একটি পূর্ণিমার চাঁদ উদিত হয়েছিল, যা স্বাভাবিকের তুলনায় ক্ষুদ্র ও কম উজ্জ্বল রূপে দেখা গিয়েছে। এর কারণ হলো, সেই পূর্ণিমায় চাঁদ তার অপভূ বিন্দুতে স্বল্পসময়ের জন্য অবস্থান করেছিল।
চাঁদ বা কোনো কৃত্রিম উপগ্রহ তার উপবৃত্তাকার কক্ষপথে পৃথিবীকে আবর্তন করার সময় সবচেয়ে দূরবর্তী যে বিন্দুতে অবস্থান করে, তাকে Apogee বা অপভূ বলা হয়। বস্তুত, সেই রাতের পূর্ণিমার চাঁদটি (Micromoon) ছিল এ বছরের সবচেয়ে দূরবর্তী, ক্ষুদ্রতম এবং ক্ষীণতম চাঁদ।
কিন্তু সেই মাইক্রোমুন আরেকটি কারণেও উল্লেখযোগ্য; এটি একটি ব্লুমুনও বটে। যার মানে, এটি ছিল একই মাসের দ্বিতীয় পূর্ণিমার চাঁদ।
ছবিতে একটি সুপারমুন—যখন পূর্ণিমার চাঁদের অবস্থান পৃথিবীর নিকটতর হয়—তুলনা করা হয়েছে একটি মাইক্রোমুনের সাথে, যাদের ছবি তোলা হয়েছিল ভারতের কলকাতা থেকে যথাক্রমে ২০২১ সালের ডিসেম্বর এবং মে মাসে।
যদিও পরবর্তী মাইক্রোমুন এর পরের মাসেই ঘটবে এবং এর পরবর্তী ব্লুমুন হবে ২০২৮ সালের শেষের দিকে, তবে পরবর্তী ব্লু-মাইক্রোমুনের দেখা ২০৫৩ সালের আগে মিলবে না।
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit: Soumyadeep Mukherjee
Text: Cecilia Chirenti (NASA GSFC, UMCP, CRESST II)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.



