সূর্যের এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট ছবিতে কী দেখা গেছে?
উত্তর হলো—অস্থিতিশীলতা। তবে এটি সাধারণ অস্থিরতা নয়; এটি কেলভিন-হেল্মহোল্টজ অস্থিতিশীলতা (Kelvin-Helmholtz Instability বা KHI) নামে পরিচিত একটি বিশেষ প্রক্রিয়া। এই প্রক্রিয়াটি তখনই ঘটে, যখন দুটি ভিন্ন গতির প্রবাহ পাশাপাশি বয়ে যায়। সূর্যের ক্ষেত্রে, বিভিন্ন গতিতে চলা চৌম্বকীয় প্লাজমার প্রবাহ একে অপরের পাশ দিয়ে যাওয়ার সময় ঢেউ ও ঘূর্ণির সৃষ্টি করে।
বিজ্ঞানীরা অনেক দিন ধরেই ধারণা করেছিলেন যে সূর্যের পৃষ্ঠে এমন ঘটনা ঘটে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে অবস্থিত ইনোউয়ে সোলার টেলিস্কোপে তোলা অত্যন্ত উচ্চ রেজোলিউশনের ছবিতে প্রথমবারের মতো এই KHI-এর ঢেউ ও ঘূর্ণি স্পষ্টভাবে দেখা গেছে।
ছবিটি আসলে গাঢ় নীল আলোতে তোলা হলেও, দেখার সুবিধার জন্য এটিকে হলুদ রঙে উপস্থাপন করা হয়েছে। এটি দৃশ্যমান আলোর মধ্যে সূর্যের এখন পর্যন্ত তোলা সবচেয়ে উচ্চ রেজোলিউশনের ছবি।
ছবির আকার প্রায় পৃথিবীর ব্যাসার্ধের সমান এলাকা জুড়ে হলেও, এর ক্ষুদ্রতম দৃশ্যমান অংশের আকার একটি শহরের সমান। এতে সূর্যের গ্র্যানিউল নামে পরিচিত কোষসদৃশ গঠনের মসৃণ শীর্ষ দেখা যায়। আর এই ফুলের মতো দেখতে গঠনগুলোর কিনারায় একাধিক KHI ঘূর্ণি শনাক্ত করা হয়েছে।
ভবিষ্যতে বিজ্ঞানীরা গবেষণা করবেন, এই Kelvin-Helmholtz অস্থিতিশীলতা কীভাবে সূর্যের ভেতরে শক্তি ও চৌম্বক ক্ষেত্রের স্থানান্তরে ভূমিকা রাখে এবং এটি সূর্যের বাইরের অত্যন্ত উত্তপ্ত স্তর, করোনা (corona), গরম হওয়ার পেছনেও ভূমিকা রাখে কি না।
This material is translated from Astronomy Picture of the Day(APOD).
Image Credit: NSF, NSO, AURA, MPS, Inouye Tel.
https://apod.nasa.gov/apod/ap260806.html
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.



