রুবিনের প্রথম দৃষ্টি: ধনু নক্ষত্রমণ্ডলের মহাজাগতিক দৃশ্য

Posted on
Translated by

Image Credit & License: NSF–DOE Vera C. Rubin Observatory

ধনু (Sagittarius) নক্ষত্রমণ্ডল এবং ছায়াপথের কেন্দ্রীয় অঞ্চলের দিকে বিস্তৃত এই আন্তঃনাক্ষত্রিক দৃশ্যটি প্রায় ৪ ডিগ্রি আকাশপট জুড়ে নক্ষত্রভরা এলাকায় ছড়িয়ে আছে। নতুন NSF–DOE ভেরা সি. রুবিন অবজারভেটরি (Vera C. Rubin Observatory)-তে ধারণকৃত “First Look” ছবিতে যেসব উজ্জ্বল নীহারিকা ও নক্ষত্রগুচ্ছ দেখা যায়, সেগুলোর মধ্যে রয়েছে মহাকাশপ্রেমীদের টেলিস্কোপ যাত্রার জনপ্রিয় গন্তব্য মেসিয়ে ৮ ও মেসিয়ে ২০।

মেসিয়ে ৮, যাকে আমরা ল্যাগুন নীহারিকা (Lagoon Nebula) নামেও চিনি, একটি সুবিশাল নক্ষত্র গঠনকারী অঞ্চল যা প্রায় একশো আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এবং পৃথিবী থেকে প্রায় ৪,০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এর ভেতরে থাকা নবীন ও বিশাল ভরের নক্ষত্রগুলোর শক্তিশালী বিকিরণ ও বায়ু এই মহাজাগতিক ল্যাগুনের অস্থির গভীরতাকে উত্তেজিত করে তোলে ।

মেসিয়ে ২০-কে বলা হয় ট্রিফিড নীহারিকা (Trifid Nebula) । এটি তিন ভাগে বিভক্ত, যা গাঢ় আন্তঃনাক্ষত্রিক ধূলিকণার রেখা দ্বারা সৃষ্টি হয়েছে। ট্রিফিড নীহারিকাটির উজ্জ্বল হাইড্রোজেন গ্যাস থেকে নির্গত বিকিরণ এর প্রধান লাল বর্ণ সৃষ্টি করে। তবে এর বিপরীতে থাকা নীলচে আভা আসে ধূলিকণায় প্রতিফলিত নক্ষত্রের আলো থেকে।

রুবিন অবজারভেটরি এই ট্রিফিড-ল্যাগুন (Trifid–Lagoon) অঞ্চলের সব ছবি সংগ্রহ করেছে ২০২৫ সালের মে মাসের ১ থেকে ৪ তারিখ পর্যন্ত চারটি রাত ধরে। এবং এর ফলাফল – এক অত্যাশ্চর্য রেজোলিউশনের আকাশচিত্র, যার প্রস্থ ৮৪,০০০ পিক্সেল এবং উচ্চতা ৫১,৫০০ পিক্সেল যা রুবিন অবজারভেটরি এর অভূতপূর্ব পর্যবেক্ষণ ক্ষমতার এক উজ্জ্বল প্রমাণ।

———————————————

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & License: NSF–DOE Vera C. Rubin Observatory

Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

Comments

One response to “রুবিনের প্রথম দৃষ্টি: ধনু নক্ষত্রমণ্ডলের মহাজাগতিক দৃশ্য”

  1. Muhammad Menhajul Islam Avatar
    Muhammad Menhajul Islam

    Thanks For Sharing, Asif Vaiya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations