প্রায় ৩৫ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত এই অপূর্ব সর্পিল গ্যালাক্সিটির নাম NGC 3521, যা বসন্তকালের রাতের আকাশে সিংহ (Leo) নক্ষত্রমণ্ডলের দিকে দেখা যায়। এটি পৃথিবীর আকাশে তুলনামূলকভাবে উজ্জ্বল এবং ছোট দূরবীক্ষণ দিয়েই সহজে দেখা যায়।
তবুও শখের জ্যোতির্বিদদের কাছে এটি প্রায়ই উপেক্ষিত থেকে যায়, কারণ তারা সাধারণত M66 ও M65-এর মতো লিও নক্ষত্রমণ্ডলের আরও পরিচিত গ্যালাক্সিগুলোর ছবি তোলায় আগ্রহী থাকেন।তবে এই রঙিন ও বিশদ মহাজাগতিক চিত্রে NGC 3521 কে উপেক্ষা করা কঠিন। প্রায় ৫০,০০০ আলোকবর্ষ জুড়ে বিস্তৃত এই গ্যালাক্সিটির সর্পিল বাহুগুলো কিছুটা অসম ও খণ্ড খণ্ড, ধূলিকণায় মোড়া এবং তাতে রয়েছে গোলাপি তারা-সৃষ্টির অঞ্চল ও উজ্জ্বল নীল তরুণ তারা গুচ্ছ।
এই গভীর চিত্রে আরও দেখা যায়, NGC 3521 একধরনের অস্পষ্ট ও বিশাল বুদবুদের মতো খোলসে ঘেরা। এই খোলসগুলো সম্ভবত জোয়ারজনিত ধ্বংসাবশেষ (tidal debris), তারাদের এমন ধারা যা প্রাচীন কালে ছোট ছোট উপগ্রহ গ্যালাক্সিগুলোর সঙ্গে সংঘর্ষ ও একীভবনের ফলে সৃষ্টি হয়েছে। সেই অতীতের মহাজাগতিক মিলনের চিহ্ন আজও বহন করে চলেছে NGC 3521।
———————————————————————-
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Vikas Chandra
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach#SiriusTranslators
#SiriusTranslators





Leave a Reply