রাতের আকাশে দেখা যায় এমন সবচেয়ে আকর্ষণীয় অবজেক্ট কী কী? আমাদের কাছে যদি ভালো এক জোড়া বাইনোকুলার বা ছোটখাটো কোনো টেলিস্কোপ থাকে এবং আমরা যদি উত্তর গোলার্ধে যাই, তবে আমরা মেসিয়ার ক্যাটালগের অত্যন্ত জনপ্রিয় এই বস্তুগুলোর খোঁজ করতে পারব। এগুলোর সবগুলো না হলেও, বেশিরভাগ বস্তুই পৃথিবীর দক্ষিণ গোলার্ধ থেকেও দেখা যায়। ওপরের এই ছবিটিতে ক্যাটালগে থাকা ১১০টি বস্তুর সবগুলোকেই একটি অভিন্ন স্কেলে বা সমান মাপকাঠিতে দেখানো হয়েছে।
অষ্টাদশ শতাব্দীতে জোর্তিবিজ্ঞানী চার্লস মেসিয়ার এই ক্যাটালগটি তৈরি করেছিলেন। ধূমকেতুর প্রতি তার গভীর আগ্রহ ছিল, আর তাই তিনি যখন ধূমকেতু পর্যবেক্ষণ করতেন। তখন আকাশের যেসব পরিচিত ধূমকেতু-সদৃশ বস্তুকে “এড়িয়ে চলতে হবে”, সেগুলোর একটি তালিকা হিসেবেই তিনি এই ক্যাটালগটি বানিয়েছিলেন। ক্যাটালগটিতে থাকা অনেক অনেক দূরের আকাশের এই বস্তুগুলোর মধ্যে রয়েছে একটি সুপারনোভা ধ্বংসাবশেষ (ক্র্যাব নেবুলা, এম-১), গ্যালাক্সি (যেমন অ্যান্ড্রোমিডা, এম-৩১), নেবুলা (যেমন ওরিয়ন নেবুলা, এম-৪২, যা মূলত নক্ষত্র গঠনকারী একটি অঞ্চল) এবং স্টেলার ক্লাস্টার (যেমন প্লেইয়াডেস, এম-৪৫, যা একটি উজ্জ্বল এবং নবীন উন্মুক্ত নক্ষত্রস্তবক)।
——————————————————-
This material is translated from Astronomy Picture of the Day (APOD).
Image Credit & Copyright: Sylvain Villet
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.



