আজকের এই সংমিশ্রিত আলোকচিত্রে যেন একসাথে মিলেমিশে গেছে পুরনো কিছু, নতুন কিছু, ধার করা কিছু আর নীলচে কিছু! ছবির ডান পাশে ছুটে চলা ধূমকেতু আর৩ প্যানস্টার্স সম্ভবত ওর্ট মেঘমালা থেকে এসেছে। অর্থাৎ, এটি আমাদের সৌরজগতের কোটি কোটি বছর পুরোনো এক প্রাচীন ধ্বংসাবশেষ।
ধূমকেতুটির কেন্দ্র থেকে নির্গত গ্যাস সূর্যের আলোয় আয়নিত হওয়ার কারণে এর দীর্ঘ ও উজ্জ্বল আয়ন লেজ নীল আভায় জ্বলজ্বল করছে। বিভিন্ন কারণেই ধূমকেতু জ্যোতির্বিজ্ঞানীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ : ধূমকেতুর উপাদানগুলো অক্ষত টাইম ক্যাপসুল, যার ভেতরে সংরক্ষিত রয়েছে সৌরজগতের গ্রহগুলো সৃষ্টির আদিম উপাদান; ধারণা করা হয় ধূমকেতুগুলোই একসময় আদিম পৃথিবীতে জল পৌঁছে দিয়েছিল; ধূমকেতুর লেজের আচরণ বিশ্লেষণ করে সৌর বায়ু ও বিকিরণের পারস্পরিক প্রভাব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়।
দুই রাতের পর্যবেক্ষণের ফলাফল প্রদর্শিত এই মোজাইক চিত্রটি, যেখানে তৃতীয় রাতে তোলা ধূমকেতুর ছবি যুক্ত করা হয়েছে। ওরায়ন নেবুলা বা এম৪২ হলো পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী নক্ষত্রের আঁতুড়ঘর। প্রায় দুই মিলিয়ন বছর বয়স হওয়ায় এটি তুলনামূলকভাবে আমাদের “নতুন” সেই মহাজাগতিক বস্তু।
বর্তমানে পৃথিবী থেকে প্রায় একশ সাতাশ মিলিয়ন কিলোমিটার দূরে অবস্থান করা এই “ক্ষণিক অতিথি” ধূমকেতু আর৩ প্যানস্টার্স ধীরে ধীরে সৌরজগতের মায়া কাটিয়ে চলে যাচ্ছে, আর আমরাও মহাশূন্যের এই পথিককে হাত নেড়ে বিদায় জানাচ্ছি।
This material is translated from Astronomy Picture of the Day (APOD).
Image Credit & Copyright: Julien De Winter, Sascha Ebeler Text: Keighley Rockcliffe (NASA GSFC, UMBC CSST, CRESST II)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.


