ছবিটা দেখতে অনেকটা পর্বতের চূড়ার মতো হলেও, আসলে এদের ভেতরে তৈরি হচ্ছে নতুন তারারাজি। এটা দক্ষিণ আকাশের নক্ষত্রমণ্ডল পাপিস এবং ভ্যালার কাছাকাছি অবস্থিত। এই তারকাময় অঞ্চলের ঠিক মাঝখানে প্রবাহমান উজ্জ্বল কিনারাযুক্ত আকার ধারণ করেছে। এটি মহাজাগতিক গ্যাস আর ধূলিকণা দিয়ে তৈরি। এবং এক আলোকবর্ষ আকারের ধূমকেতুর মতো দেখতে এই গ্লোবিউলের অবস্থান আমাদের পৃথিবী থেকে প্রায় ১৩০০ আলোকবর্ষ দূরে।
উত্তপ্ত তারকাগুলো থেকে আসা শক্তিশালী অতিবেগুনি রশ্মি এই গ্লোবিউলগুলোকে এমন প্রবাহমান রূপ দিয়েছে এবং এদের উজ্জ্বল কিনারাগুলোকে আয়নিত করেছে। এছাড়াও এই গ্লোবিউলগুলো ভেলা সুপারনোভা থেকে ক্রমশ দূরে সরে যাচ্ছে, যা হয়তো এদের এমন পেছন দিকে ছড়ানো রূপ তৈরি করতে সাহায্য করেছে। এদের ভেতরে থাকা শীতল গ্যাস আর ধূলিকণার কেন্দ্রগুলো সম্ভবত নিজেদের ভারে সংকুচিত হয়ে ছোট ভরের তারা তৈরি করছে, আর এই তারা তৈরির প্রক্রিয়ার কারণেই শেষ পর্যন্ত গ্লোবিউলগুলো পুরোপুরি ছিন্নভিন্ন হয়ে যাবে। সত্যি বলতে, ধূমকেতুর মতো দেখতে গ্লোবিউল সিজি ৩০-এর (এই দলটির ওপরের ডানদিকে) মাথার অংশে একটি ছোট লালচে আভা দেখা যাচ্ছে, যা মূলত গঠনের একদম প্রাথমিক পর্যায়ে থাকা কোনো একটি তারকা থেকে বেরিয়ে আসা শক্তিশালী জেটের একটি স্পষ্ট লক্ষণ।
——————————————————–
This material is translated from Astronomy Picture of the Day(APOD).
Image Credit & Copyright: Marcelo Salemme
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.



