আকাশ যতই অন্ধকার হয়ে উঠছিলো এই অসাধারণ মেঘগুলো ততই সূর্যের আলো ছড়িয়ে দিচ্ছিলো। এই বিরল, পাতলা ও তুলোর মত ছড়ানো, নকটিলুসেন্ট ক্লাউড অর্থাৎ আলোকোজ্জ্বল মেসোমণ্ডলীয় মেঘেরগুলোর আলো প্রতিফলনের দৃশ্য ১০ই জুলাই সুইডেনের স্টকহোমের কাছে ভ্যালেনটুনা লেকের শান্ত পানিতে দেখা গিয়েছে। পৃথিবীর মাটি থেকে প্রায় ৮০ কিলোমিটার উপরে, মহাকাশের প্রান্ত ঘেঁষে থাকা বরফমেঘগুলো তখনও সূর্যের আলো প্রতিফলিত করছিলো। যদিও পৃথিবীপৃষ্ট থেকে সূর্যকে আর দেখা যাচ্ছিলো না, কারণ সেটি দিগন্তের নিচে নেমে গিয়েছিলো। সাধারণত গ্রীষ্মকালে উচ্চ অক্ষাংশের অঞ্চলে এই ধরনের ‘নাইট শাইনিং ক্লাউডস’ বা রাতে জ্বলে ওঠা মেঘ দেখা যায়। এই বছর উত্তর গোলার্ধে গ্রীষ্মের স্বল্প দৈর্ঘ্যের রাতে এদের চোখে পড়ার মতো উপস্থিতি লক্ষ্য করা গেছে। ‘পোলার মেসোসফেরিক ক্লাউডস’ নামে পরিচিত এই মেঘগুলো তখনই তৈরি হয় যখন পানি বাষ্প হয়ে উপরের আকাশে উঠে উল্কাপিন্ডের ধ্বংসাবশেষ বা আগ্নেয়গিরির ছাইয়ের মতো ছোট ছোট ধুলোয় জমে ঘনীভূত হয়।
———————————————————-
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.Image Credit & Copyright: P-M Heden(Clear Skies, Twan)Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.



