আকাশের অন্ধকার বুকে ভেসে আছে এক ঝলমলে দ্বীপ, ভাস্কর গ্যালাক্সি (Sculptor Galaxy)। কেউ একে বলে সিলভার কয়েন গ্যালাক্সি, কারণ ছোট টেলিস্কোপে দেখলে মনে হয়, যেন কেউ আকাশে ঝুলিয়ে দিয়েছে এক বিশাল রুপালি মুদ্রা। কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে ধূলি, গ্যাস আর উন্মত্ত তারাজন্মের কাহিনি।
১৭৮৩ সালে জ্যোতির্বিজ্ঞানী ক্যারোলিন হার্শেল প্রথম এর দেখা পান। পৃথিবী থেকে দূরত্ব মাত্র এক কোটি আলোকবর্ষ। আকাশের দক্ষিণে ভাস্কর নক্ষত্রমণ্ডলে অবস্থান করা এই গ্যালাক্সির ব্যাস প্রায় সত্তর হাজার আলোকবর্ষ, মানে আমাদের মিল্কিওয়ের এক বিশাল প্রতিবেশী।
এটি শুধু ভাস্কর গ্যালাক্সি গ্রুপের সবচেয়ে বড় সদস্যই নয়, আমাদের নিজস্ব লোকাল গ্রুপ গ্যালাক্সিগুলোর সবচেয়ে নিকট প্রতিবেশীও বটে। মিল্কিওয়ে থেকে দূরবর্তী গ্যালাক্সিগুলোর মধ্যে যেন এক সেতুবন্ধন তৈরি করেছে এই ভাস্কর গ্যালাক্সি।
ছবিটিতে দেখলে মনে হবে, কেউ যেন রঙতুলি দিয়ে আলোর নদী এঁকেছে। সর্পিল বাহু বেয়ে উঠেছে ধূলির রেখা, তার ফাঁকে জ্বলজ্বল করছে নবীন তারার জন্মভূমি। গ্যাস আর ধূলোর সংঘর্ষে একের পর এক তারার জন্ম হচ্ছে অবিরাম, তাই একে বলা হয় স্টারবার্স্ট গ্যালাক্সি, নক্ষত্রবিস্ফোরণের গ্যালাক্সি।
ভাস্কর গ্যালাক্সি শুধু সুন্দরই নয়, ভয়ঙ্করও। এটি প্রচণ্ড এক্স-রে ও গামা রশ্মি ছড়িয়ে দেয় মহাকাশে। বিজ্ঞানীরা বলছেন, এর কেন্দ্রে ঘাপটি মেরে থাকা একাধিক কৃষ্ণগহ্বরই হয়তো এই শক্তির উৎস।
ভাবুন তো, কোটি কোটি আলোকবর্ষ দূরে এক গ্যালাক্সি এখনো নক্ষত্র জন্ম দিচ্ছে আগুনের উন্মাদনায়, ধূলি আর গ্যাসের নৃত্যে ভরে তুলছে মহাবিশ্ব। আকাশে তাকালে হয়তো চোখে পড়বে না, তবু জানবেন, সেই দূর অন্ধকারেও জীবন আর আলোর গল্প চলছে নিরবচ্ছিন্নভাবে, নিঃশব্দে, অবিরাম।
———————————————
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Adam Block
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach
#SiriusTranslators



