ছায়াপথ, তারা এবং ধুলো

Posted on
Translated by

টেলিস্কোপে তোলা এই ছবিটিতে আকেশের যে অংশটা দেখা যাচ্ছে সেটা পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং এটা পেগাসাস নক্ষত্রমন্ডলের দিক থেকে তোলা হয়েছে। উজ্জ্বল তারাগুলোর চারপাশে যে আলোর রেখা দেখা যাচ্ছে সেটা টেলিস্কোপের ভেতরের কাঠামোর কারণে হয়ে থাকে (এটাকে বলে ডিফ্র্যাকশন স্পাইক)। এই তারাগুলো আমাদের নিজস্ব মিল্কিওয়ে গ্যালাক্সির ভেতরেই রয়েছে।ছবিতে হালকা ধুলো-মেঘের মতো কিছু ভেসে থাকতে দেখা যাচ্ছে, এগুলো গ্যালাক্সির সমতলের ওপর ছড়িয়ে রয়েছে আর মিল্কিওয়ের তারার আলো প্রতিফলিত করে ম্লানভাবে জ্বলছে। এই মেঘগুলোকে বলা হয় গ্যালাক্টিক সার্কাস বা ইন্টিগ্রেটেড ফ্লাক্স নেবিউলা। এগুলো আসলে মিল্কিওয়ের ধুলোমেঘের অংশ। আসলে ছবিতে যে বড় ধুলো-মেঘের মতো অংশ দেখা যাচ্ছে তার নাম এমবিএম ৫৪। এটা আমাদের থেকে এক হাজার আলোকবর্ষেরও কম দূরে অবস্থিত। ধুলোর মধ্যে জড়ানো মনে হচ্ছে যে গ্যালাক্সিটা, সেটি হলো সুন্দর এক সর্পিল গ্যালাক্সি—এনজিসি ৭৪৯৭। তবে এটা অনেক দূরে, প্রায় ৬ কোটি আলোকবর্ষ দূরে অবস্থিত। ছবির মাঝামাঝি পাশ থেকে দেখা এই গ্যালাক্সির সর্পিল বাহু আর ধূলির রেখাগুলো দেখতে অনেকটা আমাদের মিল্কিওয়ের তারকা আর ধুলোর মতোই রঙিন।

—————————————————–

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.Image Credit & Copyright: Robert EderTranslated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations