চোখ বন্ধ করে কল্পনা করো, তুমি মহাকাশে ভেসে আছো। সামনে এক বিশাল নীলাভ গ্যালাক্সি, যেন এক সুবিশাল সর্পিলাকার আলোর রাজ্য! এটি অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি (M31)—আমাদের মিল্কিওয়ের সবচেয়ে কাছের বৃহৎ সর্পিলাকার প্রতিবেশী।এটি কোনো সাধারণ ছবি নয়, এটি অনেক ছোট ছোট ছবিকে একত্র করে তৈরি একটি বিশাল ফটোমোজাইক, এটি হাবল স্পেস টেলিস্কোপের তৈরি করা বৃহত্তম ফটোমোজাইকের এক অনন্য সৃষ্টি!
পুরো ছবি তৈরি করতে ৬০০টি আলাদা ফ্রেম একত্রিত করা হয়েছে, যা ২০১০ সালের জুলাই থেকে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত হাবল ধারণ করেছে। পুরো চিত্রটি যদি একসাথে দেখা যায়, তবে এটি আকাশে প্রায় ছয়টি পূর্ণিমার চাঁদের সমান বিস্তৃত। আর এখানে দেখানো সংক্ষিপ্ত সংস্করণটি দুইটি পূর্ণিমার চাঁদের আকারের কাছাকাছি, যেখানে অ্যান্ড্রোমিডার কেন্দ্র ও ভেতরের সর্পিল বাহুগুলো স্পষ্টভাবে ধরা পড়েছে।
অ্যান্ড্রোমিডা আমাদের থেকে প্রায় ২৫ লাখ আলোকবর্ষ দূরে। তবুও, এটি আমাদের মিল্কিওয়ের নিকটতম বৃহৎ গ্যালাক্সি। আমাদের নিজস্ব গ্যালাক্সির গঠন বোঝা বেশ কঠিন, কারণ আমরা এর ভেতরে বসে আছি! কিন্তু হাবলের বিশাল অ্যান্ড্রোমিডা মোজাইকের সৌজন্যে, আমরা এবার একটি সম্পূর্ণ গ্যালাক্সিকে বাইরের দৃষ্টিকোণ থেকে দেখতে পারছি—যেন বিশাল এক নক্ষত্র-সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছি।
এই অসাধারণ চিত্রের প্রতিটি অংশে তারার জন্ম, ধুলোর বিস্তার, গ্যাসের প্রবাহ ধরা পড়েছে, যা জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এক অতুলনীয় গবেষণার ক্ষেত্র খুলে দিয়েছে। এখন, এই বিশদ তথ্য বিশ্লেষণ করে বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারবেন গ্যালাক্সির গঠন ও বিবর্তনের রহস্য।মহাবিশ্বের এই নৈসর্গিক দৃশ্য যেন আমাদের বলে, “তোমরা ক্ষুদ্র, কিন্তু তোমাদের জানার আকাঙ্ক্ষা অসীম!”
————————————————
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit: NASA, ESA, Hubble Mission,B. F. Williams (Univ Washington), Z. Chen (Univ Washington), L. C. Johnson (Northwestern),Processing; Joseph DePasquale (STScI)
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Out reach
#SiriusTranslators





Leave a Reply