সূর্যের কাছে অতিথি: ৪ জানুয়ারি ছিল অনুসূর দিবস!

Posted on
Translated by

Image Credit & Copyright: Peter Ward (Barden Ridge Observatory)

পৃথিবী আর সূর্যের সম্পর্কটা যেন পুরোনো দিনের গল্পের মতো – কখনো খুব কাছে, কখনো একটু দূরে। তুমি কি জানো, আমাদের পৃথিবী সূর্যের চারপাশে একদম গোল পথে ঘোরে না? পথটা উপবৃত্তাকার, খানিকটা ডিমের মতো। আর যখন পৃথিবী সেই পথে ঘুরে সূর্যের সবচেয়ে কাছাকাছি চলে আসে, তখন তাকে বলে অনুসূর (perihelion)।

এই বছর সেই বিশেষ দিনটি ছিল- ৪ জানুয়ারি, ১৩:২৮ সর্বজনীন সমন্বিত সময় (ইংরেজি: Coordinated Universal Time; সংক্ষেপে UTC)। সেইদিন পৃথিবী সূর্য থেকে প্রায় ১৪৭ মিলিয়ন কিলোমিটার দূরে ছিল। ভাবো তো, এতটা পথ পাড়ি দিয়ে সূর্যের যতটা কাছে আসা যায়, ততটাই আমরা এসে পড়েছিলাম! তুলনার জন্য মনে করে দেখো, গত ৩ জুলাই, অপসূরে (aphelion) আমরা সূর্য থেকে সবচেয়ে দূরে ছিলাম – তখন দূরত্ব ছিল প্রায় ১৫২ মিলিয়ন কিলোমিটার!

কিন্তু এই দূরত্ব বা নৈকট্যই কিন্তু পৃথিবীতে গ্রীষ্ম-শীতের ঋতু নির্ধারণ করে না। মজার বিষয়, যখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম শুরু হয় আর উত্তর গোলার্ধে শীত নামে – সেই ডিসেম্বর সংক্রান্তির (solstice) কাছাকাছি সময়েই পৃথিবী সূর্যের দিকে একটু বেশি ঝুঁকে পড়ে, যেন সূর্যকে কাছ থেকে এক ঝলক দেখে নেওয়ার সুযোগ পায়!আরেকটা মজার কাকতালীয় ঘটনা বলি –পৃথিবীর অনুসূরের তারিখ নাসার পার্কার সোলার প্রোব-এর ঐতিহাসিক অনুসূরের ১১ দিনের মধ্যেই পড়েছে!

২০১৮ সালে পাঠানো এই মহাকাশযানটি ২০২৪ সালের ২৪ ডিসেম্বর সূর্যের পৃষ্ঠ থেকে মাত্র ৬.২ মিলিয়ন কিলোমিটার দূর দিয়ে চলে গেছে। যেন সূর্যের একেবারে গায়ে গায়ে লেগে উড়ে বলে এসেছে, “কেমন আছো!”তাই সূর্য আর পৃথিবীর এই দূরত্বের খেলা প্রতিবার আমাদের মনে নতুন বিস্ময় জাগায়। সূর্যকে এই কাছাকাছি পাওয়ার দিনটা উদযাপন করো – যদিও আজ নয়, কাল আমরা সূর্যের অতিথি ছিলাম!

————————————————————————————–

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Image Credit & Copyright: Peter Ward (Barden Ridge Observatory)

Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

#SiriusTranslators

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More Translations