১০ জুলাই, সূর্য যখন দিগন্তে হারিয়ে যাচ্ছিল ঠিক তখনই আকাশপটে ধীরে ধীরে উঠে এল এক উজ্জ্বল পূর্ণিমার চাঁদ। দক্ষিণ গোলার্ধের আকাশে সোনালি আলোয় আলোকিত হচ্ছিল ভেসে চলা মেঘেরা। এই অপূর্ব দৃশ্যটি ধরা পড়েছে ব্রাজিলের বাহিয়া প্রদেশের কন্সেইসাঁও দু কোইতে থেকে তোলা এক অসাধারণ টেলিফটো ছবিতে।
এই ছবিতে চাঁদের সবচেয়ে উজ্জ্বল রূপটি ক্যামেরাবন্দি করা হয়েছে- একটি সংক্ষিপ্ত সময়ের ও আরেকটি দীর্ঘ সময়ের, দুটি ভিন্ন এক্সপোজারের মাধ্যমে। এই দুটি এক্সপোজার একত্র করে এমন একটি চিত্র তৈরি হয়েছে, যেখানে চাঁদের উজ্জ্বল আলোয় তার পৃষ্ঠের সূক্ষ্ম গঠন স্পষ্ট দেখা যাচ্ছে আর মেঘের ফাঁকে ফাঁকে ফুটে উঠেছে আলোকচ্ছটার হালকা রঙিন নাটকীয় খেলা।
স্বাভাবিকভাবেই, জুলাই মাসের এই পূর্ণিমা দক্ষিণ গোলার্ধে দেখা দেয় শীতের চাঁদ হিসেবে। কিন্তু উত্তর গোলার্ধে একে অনেকে “থান্ডার মুন” নামে চেনেন – সম্ভবত এই নামটি এসেছে বছরের এই সময়ে উত্তর গোলার্ধে প্রচলিত বজ্রধ্বনি ও ঝড়বৃষ্টির আবহাওয়ার প্রেক্ষিতে।
—————————————————————————————
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Alexsandro MotaOriginal text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach
#SiriusTranslators




Leave a Reply