মহাকাশে গ্যালাক্সি খুঁজে বেড়ানোর সময় কানাডীয় জ্যোতির্বিজ্ঞানী পল হিকসন এবং তাঁর সহকর্মীরা প্রায় ১০০টি গ্যালাক্সির একটি গুচ্ছ সনাক্ত করেন। এজন্য এখন এই গ্যালাক্সিদ্বয়কে ‘হিকসন কমপ্যাক্ট গ্রুপস’ বলা হয়। এই ছবিতে যে চারটি প্রধান গ্যালাক্সি দেখা যাচ্ছে, সেগুলো তেমনই একটি গ্যালাক্সিগুচ্ছ হলো হিকসন ৪৪।
উত্তর আকাশের বসন্ত সময়কালীন সিংহ নক্ষত্রমণ্ডলীর দিকে তাকালে আমরা দেখতে পাই, আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সামনের সারির নক্ষত্রগুলো ছাড়িয়ে অনেক দূরে, প্রায় ১০ কোটি আলোকবর্ষ ব্যবধানে হিকসন ৪৪ গ্যালাক্সি গুচ্ছটির অবস্থান। ছবির ঠিক মাঝখানে থাকা দুটি সর্পিল গ্যালাক্সির একটি হলো এনজিসি ৩১৯০, যা অনেকটা কাত হয়ে আছে। এবং এর ভেতর স্পষ্ট ও আঁকাবাঁকা ধূলিকণার রেখা দেখা যাচ্ছে; আর অন্যটি হলো এস-আকৃতির এনজিসি ৩১৮৭। বাম দিকে থাকা উজ্জ্বল উপবৃত্তাকার এনজিসি ৩১৯৩ -সহ এই গ্যালাক্সিগুলোকে একত্রে ‘আরপ ৩১৬’ নামেও ডাকা হয়। একদম নিচের ডান কোণের দিকে থাকা সর্পিল গ্যালাক্সিটি হলো এনজিসি ৩১৮৫, যা এই হিকসন গ্রুপের চতুর্থ সদস্য।
হিকসন গ্রুপের অন্য সব গ্যালাক্সি মতোই এগুলোর মধ্যেও বিকৃতি দেখা যাচ্ছে এবং নক্ষত্র গঠনকারার লক্ষণ স্পষ্ট। এটা মূলত এক মহাজাগতিক রশি টানাটানি বা মহাকর্ষীয় লড়াইয়ের প্রমাণ। আর এই লড়াইয়ের চূড়ান্ত পরিণতি হিসেবে সুদূর ভবিষ্যতে গ্যালাক্সিগুলো একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে যাবে। বর্তমান ধারণা অনুযায়ী এই মিলিত হতে যাওয়ার প্রক্রিয়াটি গ্যালাক্সির বিবর্তনের একটি স্বাভাবিক অংশ, যা এমনকি আমাদের নিজস্ব মিল্কিওয়ে গ্যালাক্সির ক্ষেত্রেও প্রযোজ্য। হিকসন ৪৪-এর আনুমানিক দূরত্ব অনুযায়ী পরিমাপ করলে এনজিসি ৩১৯০ ছায়াপথটি আড়াআড়িভাবে প্রায় ৭৫ হাজার আলোকবর্ষ বিস্তৃত।
————————————————————-
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Peter Kennett
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.




