দ্য স্প্যানিশ ড্যান্সার গ্যালাক্সি

Posted on
Translated by

দূর বিশ্বের এই সর্পিলাকার গ্যালাক্সিটি পুরোপুরি নিখুঁত নাও হয়। তবুও অন্তত এটি রাতের আকাশে ছবি তোলার জন্য সবচেয়ে সুন্দর গ্যালাক্সিগুলোর একটি। ডলফিনফিশ (ডোরাডো) নক্ষত্রমণ্ডলীর দিকে প্রায় চার কোটি আলোকবর্ষ দূরে এটি অবস্থিত। কোটি কোটি তারায় ভরা এই গ্যালাক্সি অর্থাৎ এনজিসি ১৫৬৬ আমাদের সামনে এক অসাধারণ দৃষ্টিনন্দন রূপ তুলে ধরে।

একটি ‘গ্র্যান্ড ডিজাইন স্পাইরাল’ বা সুগঠিত সর্পিলাকার গ্যালাক্সি হিসেবে শ্রেণীবদ্ধ এনজিসি ১৫৬৬ -এর দুটি স্পষ্ট ও আকর্ষণীয় সর্পিলাকার বাহু রয়েছে। যেগুলোর পথ ধরে উজ্জ্বল নীল স্টার ক্লাস্টার, লাল রঙের বিকিরণ নেবুলা এবং ডার্ক নেবুলার রেখা ছড়িয়ে আছে। নক্ষত্রের জন্ম, সুপারনোভা এবং এই সর্পিলাকার গ্যালাক্সিটির অস্বাভাবিক রকম সক্রিয় কেন্দ্র থাকায় তা গবেষণা করার জন্য হাবল স্পেস টেলিস্কোপ দিয়ে এনজিসি ১৫৬৬-এর অসংখ্য ছবি তোলা হয়েছে। এনজিসি ১৫৬৬ -এর জ্বলজ্বলে কেন্দ্রটি এই সর্পিলাকার ছায়াপথটিকে আমাদের সবচেয়ে কাছের ও উজ্জ্বল সেফার্ট গ্যালাক্সিগুলোর একটিতে পরিণত করেছে। এর কেন্দ্রে সম্ভবত একটি অতিভরের ব্ল্যাক হোল লুকিয়ে থেকে চারপাশের নক্ষত্র ও গ্যাসের ওপর ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে।


This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: 2025 Horacio Lander / AstroHoracio
Text: Keighley Rockcliffe (NASA GSFC, UMBC CSST, CRESST II)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.

More Translations