
NGC 1333-কে দৃশ্যমান আলোতে দেখলে এটি একটি রিফ্লেকশন নেবুলা হিসেবে চোখে ধরা পড়ে। এখানে নীল রঙ বেশি দেখা যায়, কারণ আশপাশের তারার আলো মহাকাশের ধুলোর ওপর পড়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে।
এটি আমাদের পৃথিবী থেকে প্রায় ১,০০০ আলোকবর্ষ দূরে এবং পার্সিয়াস নামক নক্ষত্রমণ্ডলের দিকে অবস্থান করছে। এটি একটি বড় তারা গঠনকারী মেঘের একদম পাশে অবস্থিত। টেলিস্কোপে তোলা এই ছবিটি আকাশে প্রায় দুটি পূর্ণচাঁদের চেয়েও বড় জায়গা জুড়ে দেখা যায়, আর বাস্তবে এর দৈর্ঘ্য প্রায় ১৫ আলোকবর্ষের একটু বেশি।
এই ছবিতে ধূলোময় অঞ্চলের সূক্ষ্ম অংশগুলো দেখা যাচ্ছে, আর সঙ্গে আছে কিছু উজ্জ্বল লাল রঙের দাগ-এগুলো হলো হারবিগ-হারো অবজেক্ট। এগুলো আসলে নতুন তৈরি হওয়া তারা থেকে বের হওয়া গ্যাসের জেট ও ধাক্কা খাওয়া গরম গ্যাসের আলো।
আসলে NGC 1333-এর ভেতরে রয়েছে শত শত খুবই তরুণ তারা, যাদের বয়স এক মিলিয়ন বছরেরও কম। এর বেশিরভাগই এখনও ঘন ধুলোর আড়ালে লুকানো, তাই সাধারণ দৃশ্যমান টেলিস্কোপে ধরা পড়ে না।
এই অগোছালো ও ব্যস্ত পরিবেশটা অনেকটা সেই পরিবেশের মতোই হতে পারে, যেখানে প্রায় ৪.৫ বিলিয়ন বছর আগে আমাদের সূর্যের জন্ম হয়েছিল।
This material is translated from Astronomy Picture of the Day(APOD)
Image Credit & Copyright: Robert Eder
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach


