এটি স্প্যাগেটি নীহারিকা নামে জনপ্রিয়। আনুষ্ঠানিকভাবে এটি Simeis 147 এবং Sharpless 2-240 নামে তালিকাভুক্ত। এই জটিল সুপারনোভা অবশেষটির পাকানো ও লুপ আকারের অংশগুলোর ভেতর পথ হারানো খুবই সহজ। এটি আকাশে বৃষ (Taurus) ও সারথি (Auriga) নক্ষত্রমণ্ডলের সীমানা অঞ্চলের দিকে দেখা যায়।
এই বিস্তৃত গ্যাসীয় গঠনটি আকাশে প্রায় ৩ ডিগ্রি অঞ্চল জুড়ে বিস্তৃত, যা প্রায় ৬টি পূর্ণ চাঁদের সমান কৌণিক ব্যাস। নক্ষত্রীয় ধ্বংসাবশেষ মেঘটির আনুমানিক দূরত্ব প্রায় ৩,০০০ আলোকবর্ষ, সেই হিসাবে এর প্রকৃত বিস্তার প্রায় ১৫০ আলোকবর্ষ।
এই সুপারনোভা অবশেষটির আনুমানিক বয়স প্রায় ৪০,০০০ বছর। অর্থাৎ, এই প্রবল নাক্ষত্রিক বিস্ফোরণের আলো প্রথম পৃথিবীতে পৌঁছেছিল এমন এক সময়ে, যখন পৃথিবীতে রোমশ ম্যামথ বিচরণ করত।
প্রসারিত এই অবশেষের পাশাপাশি, এই মহাজাগতিক বিপর্যয়টি একটি পালসারও রেখে গেছে—যা হলো একটি অত্যন্ত দ্রুত ঘূর্ণনশীল নিউট্রন তারা, এবং এটি মূল তারাটির কেন্দ্রীয় অংশের অবশিষ্টাংশ।
উপরের ছবিটি গত মাসে ইতালির ফোরকা কানাপিনে (Forca Canapine) থেকে ধারণ করা হয়েছে।
———————————————
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Saverio Ferretti
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach



