কাপ্পা সিগনিডের এক যুগ

Posted on
Translated by
Twelve Years of Kappa Cygnids (APOD: 2025 Jul 25)
Image Credit & Copyright: Petr Horálek, Josef Kujal, Tomáš Slovinský

এই টাইম-ল্যাপ্স কম্পোজিট আকাশদৃশ্যে কাপ্পা সিগনিড উল্কাবৃষ্টির উল্কাগুলো ধারণ করা হয়েছে। গৌণ এই উল্কাবৃষ্টি তার নামধারী কাপ্পা সিগনি নক্ষত্রের নিকটবর্তী একটি স্থান হতে উৎপন্ন হয় এবং এই বৃষ্টিপাত শিখরে পৌঁছায় প্রতি বছর আগস্ট মাসের মাঝামাঝি সময়ে, অনেকটা তুমুল জনপ্রিয় ও অধিক নিরীক্ষিত পার্সেইড উল্কাবৃষ্টিপাতের কাছাকাছি সময়ে। তবে কাপ্পা সিগনিডের গড় শীর্ষ হার প্রতি ঘণ্টায় মাত্র ৩টি উল্কা হওয়ায়, এটি বীরোচিত নক্ষত্রমণ্ডল পার্সিয়াস হতে উৎপন্ন এবং ব্যাপক জনপ্রিয় ও প্রাচুর্যময় পারসেইড উল্কাবৃষ্টির তুলনায় অনেকটাই গৌণ।

বহু কাপ্পা সিগনিড উল্কা ফ্রেমবন্দি করবার জন্য, এই দীর্ঘমেয়াদি জ্যোতির্বৈজ্ঞানিক চিত্রগ্রহণ প্রকল্পটি ২০১২ থেকে ২০২৪ সাল পর্যন্ত আগস্ট মাসের ৫১টি রাত হতে নির্বাচিত এক্সপোজার ব্যবহার করে তৈরি করা হয়েছে। তন্মধ্যে অধিকাংশ শনাক্তকৃত কাপ্পা সিগনিড উল্কা এক্সপোজার ২০২১ সালের আগষ্ট মাসের, যা উল্কাবৃষ্টিপাতটির পরিচিত ৭ বছর চক্রের সর্বোচ্চ সক্রিয় সময় ছিল।

এই ১২ বছরের কাপ্পা সিগনিড উল্কাগুলোর সবকটি চিত্র, ২০২১ সালের আগস্ট মাসে ধারণকৃত গ্রিসের ক্রিট দ্বীপের এলাফোনিসি সমুদ্রতীরের রাতের আকাশের মিল্কিওয়ে গ্যালাক্সির একটি মূল ব্যাকগ্রাউন্ডের ওপর রেজিস্টার করা হয়েছে।

———————————————

This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.

Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)

Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach

More Translations