জ্বলন্ত গ্যাসের বেণির মতো জটিল গঠনের এই নীহারিকা আমাদের বহুল পরিচিত মেডুসা নেবুলার কথা স্মরণ করিয়ে দেয়। এটি অ্যাবেল ২১ (Abell 21) নামেও পরিচিত। মেডুসা নেবুলা একটি পুরোনো গ্রহ নীহারিকা (ইংরেজি ভাষায়: Planetary Nebula), যা মিথুন (Gemini) নক্ষত্রমণ্ডলে প্রায় ১,৫০০ আলোকবর্ষ দূরে অবস্থিত।
এর পৌরাণিক নামের ধারণার মতোই, এই নীহারিকার সঙ্গে একটি অভাবনীয় এবং নাটকীয় রূপান্তরের সম্পর্ক রয়েছে। গ্রহ নীহারিকা নিম্ন ভরের নক্ষত্রগুলোর বিবর্তনের শেষ ধাপ, যেখানে তারা লাল দৈত্য থেকে উত্তপ্ত সাদা বামন তারায় রূপান্তরিত হয় এবং তাদের বাইরের স্তরগুলো ছুঁড়ে ফেলে। এই প্রক্রিয়ায় উত্তপ্ত তারার অতিবেগুনি বিকিরণ নীহারিকার জ্বলজ্বলে আভাকে শক্তি যোগায়।
মেডুসার রূপান্তরিত তারাটি হল নীহারিকার উজ্জ্বল অর্ধচন্দ্রাকৃতির কেন্দ্রে অবস্থানরত ম্লান একটি তারা। এই গভীর দূরবীক্ষণী চিত্রে দেখা যায়, ফিকে গ্যাসের সূক্ষ্ম রেখাগুলি নিচে ও বামে স্পষ্টভাবে প্রসারিত। মেডুসা নেবুলার আকার আনুমানিক ৪ আলোকবর্ষেরও বেশি।
———————————————————————-
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright: Bruno Rota Sargi.
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach
#SiriusTranslators




Leave a Reply