মহাবিশ্বের খোঁজে এবার আমরা সৈয়দপুরে!

বইয়ের পাতার বিজ্ঞান যখন চোখের সামনে বাস্তবে ধরা দেয়, তখন শেখার আনন্দই অন্যরকম হয়ে যায়! স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কাছে জ্যোতির্বিজ্ঞানের বিস্ময়কর জগৎকে তুলে ধরতে গত ২১ ও ২২শে এপ্রিল (মঙ্গল ও বুধবার) সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়ে গেল ‘অ্যাস্ট্রোস্কুল বাংলাদেশ’-এর এক দারুণ আয়োজন। এই আয়োজনটি বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াডের দুই দিন ব্যাপি কার্যক্রমের সাথে সমন্বয় রেখে করা হয়।

এবারের আয়োজনে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির প্রায় ৬০ জন বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। স্রেফ থিওরি নয়, হাতে-কলমে বিজ্ঞান শেখার দারুণ সব অ্যাক্টিভিটির পাশাপাশি মহাবিশ্বে আমাদের অবস্থান এবং সৌরজগতের খুঁটিনাটি নিয়ে চলে দারুণ আড্ডা। আর ২য় দিনে ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় পর্ব হিসেবে ছিল টেলিস্কোপে সরাসরি সূর্য পর্যবেক্ষণ!

পুরো ইভেন্টটি দারুণভাবে পরিচালনা করেছেন নক বিডি (NOC BD) টিমের ভলান্টিয়ার রওনক শাহরিয়ার। শিক্ষার্থীদের সামনে মহাকাশের জটিল বিষয়গুলো তিনি তুলে ধরেছেন একদম সহজ ও সাবলীল ভাষায়। এছাড়াও এআই অলিম্পিয়াডের তাসনিম মাহফুজ নাফিজ ইভেন্টকে আরও করে তোলে এস্ট্রোনমির বিভিন্ন বিষয়ের আলোচনার মাধ্যমে। ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের অফিস ফর অ্যাস্ট্রোনমি আউটরিচ এর ন্যাশনাল আউটরিচ কো-অর্ডিনেটর, বাংলাদেশ (নক বিডি) অফিসের এই বিশেষ উদ্যোগে সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (BAS)।

শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করার এই তো কেবল শুরু! মহাকাশ নিয়ে স্বপ্ন দেখার এই কার্যক্রম ভবিষ্যতে দেশের আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার পথ তৈরি হলো এই আয়োজনের মধ্য দিয়ে। হয়তো খুব শিগগিরই অ্যাস্ট্রোস্কুল পৌঁছে যাবে আপনার শহরের কোনো স্কুলেও!