নাটোর-পাবনা সীমান্তের প্রত্যন্ত এলাকার স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের কাছে জ্যোতির্বিজ্ঞানকে তুলে ধরতে আজ ২৭শে এপ্রিল (সোমবার) দিয়াড় গাড়ফা খৈরাশ (ডি.কে) উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল ‘অ্যাস্ট্রোস্কুল বাংলাদেশ’-এর এক দারুণ আয়োজন।
এবারের আয়োজনে ৮ম থেকে দশম শ্রেণির প্রায় ৮০ জন বিজ্ঞানপ্রেমী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। স্রেফ থিওরি নয়, হাতে-কলমে বিজ্ঞান শেখার দারুণ সব অ্যাক্টিভিটির পাশাপাশি মহাবিশ্বে আমাদের অবস্থান এবং সৌরজগতের খুঁটিনাটি নিয়ে চলে দারুণ আড্ডা। আর ইভেন্টের সবচেয়ে আকর্ষণীয় পর্ব হিসেবে ছিল টেলিস্কোপে সরাসরি আকাশ পর্যবেক্ষণ!
সবচেয়ে আনন্দের বিষয় হলো, টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণের সময় এবং ইভেন্টের শুরুতে পুরো স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল! তাদের মনের নানা প্রশ্নের জবাব খোঁজার প্রবল ইচ্ছা এবং জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে আলোচনা শোনার আগ্রহ উপস্থিত সবাইকে রীতিমতো অভিভূত করেছে।
পুরো ইভেন্টটি দারুণভাবে পরিচালনা করেছেন নক বিডি (NOC BD) টিমের ভলান্টিয়ার রওনক শাহরিয়ার। শিক্ষার্থীদের সামনে মহাকাশের জটিল বিষয়গুলোকে তিনি তুলে ধরেছেন একদম সহজ ও সাবলীল ভাষায়। এছাড়াও পুরো কার্যক্রমে স্থানীয় ভলান্টিয়ার হিসেবে যুক্ত ছিলেন খাদেম আলী এবং মোসাঃ তাজকেরাতুন আম্বিয়া।
শিক্ষার্থীদের উৎসাহ দিতে এই আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সম্মানীত শিক্ষক মোঃ হায়দার আলী এবং মোঃ আবুল কাহার। ইভেন্টটি আয়োজন করতে সার্বিক সহায়তার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ।
উল্লেখ্য, ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের ‘অফিস ফর অ্যাস্ট্রোনমি আউটরিচ’-এর ন্যাশনাল আউটরিচ কো-অর্ডিনেটর বাংলাদেশ (নক বিডি) অফিসের সার্বিক দায়িত্বে রয়েছেন প্রফেসর ডক্টর ফারসীম মান্নান মোহাম্মদী। এই বিশেষ উদ্যোগে সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি (BAS)।
শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় অনুপ্রাণিত করার এই তো কেবল শুরু! মহাকাশ নিয়ে স্বপ্ন দেখার এই কার্যক্রম ভবিষ্যতে দেশের আরও অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেওয়ার পথ তৈরি হলো এই আয়োজনের মধ্য দিয়ে। হয়তো খুব শিগগিরই অ্যাস্ট্রোস্কুল পৌঁছে যাবে আপনার শহরের কোনো স্কুলেও!S

