পাবনায় অনুষ্ঠিত হলো বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ আয়োজন “বৌদ্ধিচ্ছায়ায় চন্দ্র দর্শন”

বৌদ্ধি পূর্ণিমার স্নিগ্ধ আলোয় মহাজাগতিক সৌন্দর্য উপভোগ করতে পাবনায় অনুষ্ঠিত হয়ে গেল এক ভিন্নধর্মী আয়োজন “বৌদ্ধিচ্ছায়ায় চন্দ্র দর্শন”। ১লা মে, ২০২৬ এ মহাকাশপ্রেমীদের নিয়ে এই চমৎকার ইভেন্টটির আয়োজন করে ‘অ্যাস্ট্রোনমিক্যাল ক্লাব, পাবনা’। এই আয়োজনে সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল ন্যাশনাল আউটরিচ কো-অর্ডিনেটর বাংলাদেশ (নক-বিডি)।

এবারের এই আয়োজনে মোট ২০ জন মহাকাশপ্রেমী অংশগ্রহণ করেন। আয়োজনটি শুধু আকাশ পর্যবেক্ষণের মধ্যেই সীমাবদ্ধ ছিল না বরং পুরোটা সময় জুড়ে আড্ডা, আনন্দময় খাওয়া-দাওয়া এবং মহাবিশ্বের নানা অজানা রহস্য নিয়ে আলোচনায় মগ্ন ছিলেন উপস্থিত সবাই। বিভিন্ন বয়সী ও পেশার মানুষের উপস্থিতি আয়োজনটিকে আরও বর্ণিল করে তোলে।

আয়োজনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল টেলিস্কোপে সরাসরি আকাশ পর্যবেক্ষণ। অংশগ্রহণকারীরা রাতের আকাশে উজ্জ্বল চাঁদ এবং সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান। আকাশ পর্যবেক্ষণের এই রোমাঞ্চকর অভিজ্ঞতা দিতে আয়োজনে যুক্ত ছিল দুটি টেলিস্কোপ: নক-বিডির সেলেস্ট্রন ১৩০ইকিউ (Celestron 130EQ) এবং অন্যটি সেলেস্ট্রন ৮০ইকিউ (Celestron 80EQ)। টেলিস্কোপের লেন্সে চাঁদের গর্ত এবং বৃহস্পতি ও তার চাঁদগুলোর সৌন্দর্য দেখে উপস্থিত সবাই রীতিমতো অভিভূত হন।