হবিগঞ্জের চুনারুঘাটে অনুষ্ঠিত হলো জোতির্বিজ্ঞান ক্যাম্প ২০২৬

হবিগঞ্জের প্রত্যন্ত অঞ্চল চুনারুঘাটে অনুষ্ঠিত হলো “জোতির্বিজ্ঞান ক্যাম্প ২০২৬”। কর্মশালাটিতে প্রায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণের জন্য নিবন্ধন করেন।

মূলত দুই দিনব্যাপী কর্মশালার পরিকল্পনা করা হলেও কিছু সমস্যার কারণে কর্মশালাটি একদিনে সম্পন্ন করতে হয়। তবুও দিনব্যাপী এই আয়োজনে রাখা হয় জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন বিষয়ভিত্তিক আলোচনা, প্রদর্শনী এবং হাতে-কলমের মাধ্যমে কার্যক্রম।

মুখস্থনির্ভর শিক্ষার গণ্ডি পেরিয়ে শিক্ষার্থীদের কাছে জ্যোতির্বিজ্ঞানকে বাস্তব ও অভিজ্ঞতাভিত্তিকভাবে তুলে ধরাই ছিল কর্মশালার প্রধান লক্ষ্য। বিভিন্ন শ্রেণির পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত জ্যোতির্বিজ্ঞান বিষয়গুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপন করা হয়। কর্মশালায় আলোচিত বিষয়গুলোর মধ্যে ছিল মহাবিশ্বের পরিচয়, জোতির্বিজ্ঞানের গুরুত্ব, মানবসভ্যতার ইতিহাসে জোতির্বিজ্ঞানের প্রভাব, টেলিস্কোপের কার্যপ্রণালি ও ব্যবহার, সৌরজগৎ, মহাজাগতিক দূরত্ব পরিমাপ এবং আলোর বৈশিষ্ট্য। এছাড়াও আলোচিত বিষয়গুলোর ওপর রাখা হয় কুইজ আয়োজন, এবং সেরাদের মাঝে তুলে দেওয়া হয় বিভিন্ন পুরষ্কার।

তবে কর্মশালার সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল সরাসরি সূর্য পর্যবেক্ষণ। সোলার ফিল্টারযুক্ত টেলিস্কোপের মাধ্যমে শিক্ষার্থীরা সূর্যকে নিজ চোখে পর্যবেক্ষণের সুযোগ পায়, যা তাদের জন্য ছিল এক অনন্য অভিজ্ঞতা। 

কর্মশালার মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল আউটরিচ কো-অর্ডিনেটর দলের দুই স্বেচ্ছাসেবক খাদিজা সুলতানা ও রওনক শাহরিয়ার। স্থানীয় স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন ইব্রাহিম নাহিদ, পলাশ ও ঝুমি রানী পাল। সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন মোহাম্মদ খালিদ হাসান।

এই আয়োজন বাস্তবায়নে সহযোগিতার জন্য সেবা সায়েন্স ক্লাবকে আন্তরিক ধন্যবাদ। পাশাপাশি কর্মশালাটি সফলভাবে সম্পন্ন করতে সহায়তা করার জন্য বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির প্রতি কৃতজ্ঞতা রইলো