কল্পনা করুন, মঙ্গল গ্রহে এমন একটি গিরিখাত রয়েছে যা সৌরজগতের সবচেয়ে বড়! এটি হলো ভ্যালেস মেরিনারিস, যা আকাশের বিশাল এক দাগের মতো মঙ্গলের পৃষ্ঠজুড়ে বিস্তৃত। দৈর্ঘ্যে প্রায় ৩০০০ কিলোমিটার, প্রস্থে ৬০০ কিলোমিটার, আর গভীরতায় ৮ কিলোমিটার পর্যন্ত নেমে গেছে এই মহাগিরিখাত। তুলনায়, আমাদের পৃথিবীর বিখ্যাত গ্র্যান্ড ক্যানিয়ন, যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত, দৈর্ঘ্যে মাত্র ৮০০ কিলোমিটার, প্রস্থে ৩০ কিলোমিটার আর গভীরতায় ১.৮ কিলোমিটার।
কিন্তু কীভাবে তৈরি হলো এই বিশাল গিরিখাত? বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন। তবে শীর্ষ ধারণা অনুযায়ী, প্রায় কয়েক বিলিয়ন বছর আগে যখন মঙ্গল ধীরে ধীরে ঠান্ডা হচ্ছিল, তখন এর পৃষ্ঠে বিশাল ফাটল তৈরি হয়। পরবর্তীকালে, একাধিক ভূতাত্ত্বিক প্রক্রিয়া সেই ফাটলটিকে আরও বিস্তৃত করেছে, যা আজকের এই চমকপ্রদ ভ্যালেস মেরিনারিস।
এই দুর্দান্ত মোজাইকটি তৈরি হয়েছে ১৯৭০-এর দশকে, যখন ভাইকিং অরবিটার মহাকাশযান মঙ্গলের প্রায় ১০০টিরও বেশি ছবি তুলেছিল। এইসব ছবি একত্র করে তৈরি করা হয়েছে এই অভূতপূর্ব চিত্র, যা আমাদেরকে মঙ্গলের মহাকাশের রাজকীয় ভূপ্রকৃতির এক ঝলক দেখায়।
—————————————————-
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit & Copyright:NASA, USGS, Viking Project.
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry.Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach.
#SiriusTranslators




Leave a Reply