
ব্যাখ্যা: এখন পর্যন্ত পরিমাপকৃত সবচেয়ে শক্তিশালী মহাকর্ষীয় তরঙ্গ সংকেত ছিল এটি – কিন্তু এটা কোন বস্তু থেকে এসেছিল?
GW250114 কে যুক্তরাষ্ট্রের লেজার ইন্টারফেরোমিটার গ্র্যাভিটেশনাল-ওয়েভ অবজারভেটরি (LIGO)–এর ওয়াশিংটন ও লুইজিয়ানায় অবস্থিত দুইটি পর্যবেক্ষণ কেন্দ্র শনাক্ত করেছিল এই বছরের শুরুতে। বিশ্লেষণ করে জন্য যায়, এই শক্তিশালী মহাকর্ষীয় তরঙ্গের উৎস ছিল সূর্যের ভরের প্রায় ৩৩ গুণ ভরবিশিষ্ট দুটি ব্ল্যাক হোলের সংঘর্ষ, যার ফলে সূর্যের প্রায় ৬৩ গুণ ভরবিশিষ্ট একটি বৃহত্তর ব্ল্যাক হোল গঠিত হয়।
যদিও ঘটনাটি প্রায় এক বিলিয়ন আলোকবর্ষ দূরে সংঘটিত হয়, তবুও সংকেতটি এতটাই শক্তিশালী ছিল যে ইতিহাসে প্রথমবারের মতো ব্লাকহোলের ঘূর্ণন সনাক্ত করতে সহায়তা করেছিল। এছাড়াও আরও নিশ্চিতভাবে প্রমাণিত হলো, নতুন গঠিত ব্ল্যাক হোলের ইভেন্ট হরাইজনের ক্ষেত্রফল, সংঘর্ষকারী দুটি আলাদা ব্ল্যাকহোলের মোট ক্ষেত্রফলের চেয়েও বড়, যেমনটা আগেই অনুমান করা হয়েছিল।
ছবিতে প্রদর্শিত শিল্পীর কল্পচিত্রটি সংঘর্ষের ঠিক পূর্বমুহূর্তে, কাছ থেকে একটি ব্ল্যাকহোলের কল্পনাপ্রসূত এবং ধারণাগত একটি দৃশ্য।
———————————————
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Original text and editing: Robert Nemiroff (MTU) & Jerry Bonnell (UMCP)
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach



