পৃথিবীর হেলানো অক্ষ দেখেই কি বলা যাবে যে আজ অয়নান্ত? উত্তরটা হলো, “হ্যাঁ”। চলুন দেখা যাক সেটা কিভাবে।
অয়নান্তের সময় পৃথিবীর টার্মিনেটর অর্থাৎ দিন ও রাতের বিভাজক রেখা সবচেয়ে বেশি হেলে থাকে। ১২ সেকেন্ডের এই ভিডিওটিতে পৃথিবীর পুরো বছরের ঘূর্ণন দেখানো হয়েছে। ভূ- স্থির কক্ষপথ থেকে মেটিওস্যাট-৯ নামক কৃত্রিম উপগ্রহ প্রতিদিন একই সময়ে ছবি ধারণ করেছে এবং সেগুলো দিয়ে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।
ভিডিওটি শুরু হয় সেপ্টেম্বর ২০১০-এ, যখন দিন আর রাত প্রায় সমান ছিল এবং টার্মিনেটর রেখাটি উল্লম্ব বা খাড়া ছিল। পৃথিবী সূর্যকে কেন্দ্র করে পরিভ্রমণ করতে করতে বিভাজক রেখাটিকে এমনভাবে হেলে যেতে দেখা যাচ্ছে যে উত্তর গোলার্ধে প্রতিদিন সূর্যালোকের পরিমাণ কমে যাচ্ছে, ফলে সেখানে শীতকাল শুরু হচ্ছে। সর্বাধিক হেলানো সময়ে উত্তর গোলার্ধে শীত অয়নান্ত এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্ম অয়নান্ত ঘটে। বছরের সময় বাড়তে থাকলে মার্চ ২০১১-এ বিভাজক রেখাটি বিষুব রেখায় আসে। এরপর এটি বিপরীত দিকে হেলতে থাকে, যার ফলে দক্ষিণ গোলার্ধে শীতকাল এবং উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল দেখা যাচ্ছে।
ভিডিওতে প্রদর্শিত এই বছরটি সেপ্টেম্বরে বিষুব রেখার মধ্য দিয়ে শেষ হয়। সূর্যের চারদিকে পৃথিবী এভাবেই ঘুরতে থাকে এবং পুনরায় এই চক্রটি সম্পন্ন হয়।
———————————————
This material is translated from Astronomy Picture of the Day (APOD) published by NASA.
Image Credit: Meteosat 9, NASA, Earth Observatory, Robert Simmon
Translated by: Sirius Translators, NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach



