বরিশালের বানারীপাড়া উপজেলার খলিশাকোটা গ্রামে অবস্থিত শতবর্ষী এই ঐতিহ্যবাহী মাধ্যমিক বিদ্যালয়ে সম্প্রতি আয়োজন করা হয়েছিল ‘নক বাংলাদেশ‘ (NOC Bangladesh) টিমের বিশেষ আয়োজন ‘অ্যাস্ট্রোস্কুল বাংলাদেশ’ প্রোগ্রাম। মহাকাশ ও জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি এবং বিজ্ঞানমনস্ক মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে খলিশাকোটা মাধ্যমিক বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির অর্ধশতাধিক শিক্ষার্থীকে নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনলাইনে যুক্ত হয়ে জ্যোতির্বিজ্ঞান বিষয়ক এই আয়োজনের শুভ সূচনা করেন প্রফেসর ড. ফারসীম মান্নান মোহাম্মদী।
এরপর নক বাংলাদেশ টিমের ভলান্টিয়ার আব্দুল্লাহ আল মাহমুদের মহাবিশ্ব ও সৌরজগৎ বিষয়ক আলোচনার মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হয়।পর্যায়ক্রমে শাইক হাসানের উপস্থাপনায় মহাবিশ্বের পরিসর—অর্থাৎ ক্ষুদ্রাতিক্ষুদ্র কোয়ার্ক থেকে শুরু করে দৃশ্যমান মহাবিশ্বের বিভিন্ন বস্তুর আকারের তুলনামূলক আলোচনা শিক্ষার্থীদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করে।
সবশেষে নক বাংলাদেশ টিমের ভলান্টিয়ার মুহাম্মদ মিনহাজের ‘পকেট সোলার সিস্টেম’ বিষয়ক আলোচনা এবং শিক্ষার্থীদের হাতে-কলমে পকেট সোলার সিস্টেমের মডেল তৈরি করার অভিজ্ঞতা সৌরজগতের বিশালতা সম্পর্কে তাদের বিস্ময়াবিষ্ট করে।
অনুষ্ঠানের সমাপনী পর্যায়ে টেলিস্কোপের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য সরাসরি সূর্য পর্যবেক্ষণের বিশেষ ব্যবস্থা করা হয়।

