
প্রতি বছর ১২ ও ১৩ আগস্ট রাতেই আকাশে ঘটে এক অবিশ্বাস্য মহাজাগতিক ঘটনা পারসেইড উল্কাবৃষ্টি। এটি বছরের সবচেয়ে জনপ্রিয় ও সক্রিয় উল্কাবৃষ্টিগুলোর মধ্যে একটি।
কোথা থেকে আসে এই উল্কাগুলো?
এই উল্কাপাতের পেছনের নায়ক হল ধূমকেতু সুইফট-টাটল। সূর্যকে প্রদক্ষিণরত এই ধূমকেতু যখন তার পথে চলতে থাকে, তখন এটি পিছনে ধুলো, বরফ ও পাথরের অসংখ্য ছোট ছোট কণা রেখে যায়। পৃথিবী তার কক্ষপথে ঘুরে এই ধ্বংসাবশেষের মেঘের মধ্য দিয়ে অগ্রসর হয়, তখন এই কণাগুলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং ঘর্ষণের ফলে জ্বলে উঠে। এর ফলেই আমরা দেখি উজ্জ্বল আলোর রেখা, যাকে উল্কাপাত বলে।
কখন ও কোথায় তাকাবেন?
উল্কাবৃষ্টিদেখার সেরা মুহূর্ত হল রাত ২টার পর থেকে ভোর সূর্যোদয়ের আগ পর্যন্ত। এই সময়ে আকাশ সবচেয়ে অন্ধকার থাকে, ফলে ক্ষীণ আলোও সহজে চোখে পড়ে। আপনাকে তাকাতে হবে উত্তর-পূর্ব দিকের আকাশের দিকে।
আকাশে খুঁজে নিন গাইডস্টার:
উল্কাগুলো মনে হবে পারসেইডাস তারামণ্ডল থেকে ছিটকে আসছে। এই তারামণ্ডলটি খুঁজে পেতে সাহায্য করবে এর আশেপাশের পরিচিত নক্ষত্রপুঞ্জ ও তারা—যেমন ক্যাপেলা, প্লেইডেস (সপ্তর্ষিমণ্ডল), এবং মেষ রাশি।
সংক্ষেপে বলতে গেলে,আরাম করে শুয়ে পড়ুন, চোখ রাখুন উত্তর-পূর্ব আকাশে আগস্টের ১২ বা ১৩ তারিখের রাতে, এবং উপভোগ করুন মহাবিশ্বের এই মন্ত্রমুগ্ধ করে দেওয়া প্রদর্শনী।
ইনফোগ্রাফিক ও বর্ণনা: NOC-Bangladesh Office, IAU Office for Astronomy Outreach



